কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং শিক্ষার মান যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য কমাতে বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রতিনিধিদলে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
সৌজন্য সাক্ষাৎকালে যবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানান।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং যবিপ্রবির সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন
সাক্ষাৎকালে বঙ্গভবনের পক্ষ থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

