জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ উদ্যোগ শুরু করতে যাচ্ছে সরকার। পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জুলাই আন্দোলনে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও এনসিপি সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলটির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি। দলটি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তিতে হওয়া প্রয়োজন।
দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বৈঠক হয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার পর ২৭ অথবা ২৮ নভেম্বর জামায়াত নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।
জামায়াতের এক নেতা জানান, সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার ক্ষেত্রে একটি অভিন্ন ভিত্তি বা রেফারেন্স পয়েন্ট থাকা প্রয়োজন। তাঁদের মতে, জুলাই সনদ ও গণভোটের রায় হতে পারে সেই অভিন্ন ভিত্তি। এ বিষয়ে সব পক্ষ ইতিবাচক অবস্থান নিলে অন্যান্য বিষয়েও সমাধানে পৌঁছানো সহজ হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রথমে দলগুলোর সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হতে পারে।
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে এনসিপির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব কারণে রাজনৈতিক ঐক্য বাধাগ্রস্ত হয়েছে, সেগুলো তুলে ধরবেন এনসিপির নেতারা। পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন তাঁরা।
এ ছাড়া গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ নিজেদের পাঁচ দফা দাবিও বৈঠকে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে এনসিপি।

