ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্স আটকে ডাকাতির ঘটনা ঘটেছে ।ডাকাতির ঘটনায় চরম আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সের ভেতরেই সন্তান প্রসব করেন এক প্রসূতি। পরবর্তীতে নবজাতকটির মৃত্যু হয়। এ সময় পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ডাকাতেরা।
গত শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার গান্না-নীমতলা সড়কের সিংদহ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটি চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা আবদুল্লা আল নোমানের। তিনি ‘চুয়াডাঙ্গা পোস্ট’ নামের একটি অনলাইন পোর্টালের উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আবদুল্লা আল নোমান জানান, অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবারের আরও তিনজন সদস্যকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। সিংদহ এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা গাছ কেটে রাস্তায় ফেলে অ্যাম্বুলেন্সটির পথরোধ করে ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী দল। এরপর তার, তার মা ও শাশুড়ির কাছ থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকার লুট করে নেয় তারা।
তিনি আরও জানান, ডাকাতদের কবলে পড়ে তার স্ত্রী প্রবল ভয় ও আতঙ্কে ভেঙে পড়েন। সেই আতঙ্কের মাঝেই অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তান জন্ম দেন তিনি। তবে শেষ পর্যন্ত নবজাতকটিকে বাঁচানো যায়নি। পরে ৯৯৯ নম্বরে কল করা হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।
ঝিনাইদহ সদর উপজেলার বেতাই চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হাসান আলী জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, খবর পাওয়ার পর পুলিশের টহল টিম ঘটনাস্থলে যায়। সড়কে গাছ ফেলে রাখা হয়েছিল এবং সেখানে একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। ওই অ্যাম্বুলেন্সে থাকা এক গর্ভবতী নারীর তীব্র রক্তক্ষরণ হচ্ছিল, তবে তখন নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ডাকাতির ঘটনাটি ঘটেছে এবং প্রসূতির নবজাতক সন্তান মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং কালীগঞ্জ থানায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অ্যাম্বুলেন্সে ডাকাতির শিকার প্রসূতির সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
Related Posts
Add A Comment
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত

