সোনারগাঁও ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ আয়োজন করেছে “Architecture Day: 11 Years of Creative Excellence” শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান। স্থাপত্য শিক্ষায় বিভাগের ১১ বছরের সৃজনশীল উৎকর্ষতা ও অর্জন উদযাপনের লক্ষ্যে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল ইসলাম, সোনারগাঁও ইউনিভার্সিটির অ্যাডজাঙ্ক্ট প্রফেসর, বুয়েটের (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ও লিডিং ইউনিভার্সিটির সাবেক উপাচার্য আর্কিটেক্ট অধ্যাপক ড. কাজী আজিজুল মওলা। এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) হাবিবুর রহমান কামাল, এনডিসি, পিএসসি, স্থাপত্য বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. তাসলিম শাকুর, রেজিস্ট্রার এস, এম, নূরুল হুদা ও ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্থাপত্য বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান এ কে এম আকমাল হাকিম।
বক্তারা তাদের বক্তব্যে স্থাপত্য বিভাগের এক যুগের পথচলা, সৃজনশীল শিক্ষা কার্যক্রম, গবেষণা ও শিক্ষার্থীদের অর্জনের ভূয়সী প্রশংসা করেন। তারা ভবিষ্যতে আরও আধুনিক, উদ্ভাবনী ও আন্তর্জাতিক মানের স্থাপত্য শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

