সোনারগাঁও ইউনিভার্সিটির ২য় সমাবর্তনের বৃক্ষরোপণ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে নগদ ৫০,০০০ টাকা পেয়েছেন সোনারগাঁও ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম। দ্বিতীয় পুরস্কার হিসেবে ল্যাপটপ অর্জন করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মুবিন তালুকদার, এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন পেয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোছা. রুবিনা আক্তার। বাকি সাতজন শিক্ষার্থীরও অন্যান্য আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সোনারগাঁও ইউনিভার্সিটির সমাবর্তন ২৮ ডিসেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত হয়। সমাবর্তনের র্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুরশিদ, তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদ। সম্মানিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সোনারগাঁও ইউনিভার্সিটির বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করার ক্ষেত্রে ইউনিভার্সিটি অগ্রণী ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং সৃজনশীল উদ্যোগ ইউনিভার্সিটির পরিবেশ-বন্ধুত্বপূর্ণ এবং দায়বদ্ধ শিক্ষার লক্ষ্যকে আরও শক্তিশালী করছে।

