মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এই সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আওলাদ মোল্লার অনুসারীরা ছিলেন বলে জানা গেছে।
হঠাৎ সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করে।
সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে মুন্সিকান্দি গ্রামের বাসিন্দা লিজন সরকার ও মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দৌড়াদৌড়ি এবং ককটেল বিস্ফোরণের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। নির্বাচনী পরিস্থিতিকে কেন্দ্র করে সেই বিরোধ নতুন করে উসকে ওঠে এবং এর ফলেই এ ধরনের সহিংস ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বলে তিনি জানান।

