ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা–বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “খুব শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও যদি কোনো অনিয়ম বা কারচুপির চেষ্টা দেখা যায়, সঙ্গে সঙ্গে জানাবেন—আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নির্বাচন সুষ্ঠু হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে এলাকায় যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন, সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকের সভায় বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আমরা একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

