আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের ওপর নির্বাচন কমিশনের (ইসি) আরোপিত কঠোর বিধিনিষেধ বাতিলের আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ও জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসির এই সিদ্ধান্ত অবিলম্বে সংশোধন করা না হলে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে গুরুতর সন্দেহ সৃষ্টি হবে।
ইসি সচিবালয়ের গত রোববার (৮ ফেব্রুয়ারি) জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রের নির্ধারিত সীমানার মধ্যে প্রিজাইডিং অফিসারসহ মাত্র তিন শ্রেণির কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। কমিশনের দাবি, কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে শিশির মনিরের মতে, সাধারণ ভোটার ও পর্যবেক্ষকদের ওপর এমন ঢালাও নিষেধাজ্ঞা নির্বাচনী প্রক্রিয়ার উন্মুক্ততাকে ক্ষুণ্ন করতে পারে। তিনি বলেন, প্রযুক্তির এই যুগে তথ্যের অবাধ প্রবাহ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মৌলিক শর্ত। ৪০০ গজের মতো বিস্তৃত এলাকায় মোবাইল নিষিদ্ধ থাকলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও তা দ্রুত জানানো কঠিন হবে। এতে আন্তর্জাতিক মহলেও নির্বাচন নিয়ে সমালোচনার সুযোগ তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মোবাইল ব্যবহারে কড়াকড়ি ভোটারদের কেন্দ্রবিমুখ করতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন শিশির মনিরসহ বিভিন্ন রাজনৈতিক নেতা।

