গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং ভোটারের সঙ্গে আসা ১৩ বছর বয়সী আমেনা খানম। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জহিরুল ইসলাম জানান, সকালে দূর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণে তারা আহত হন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটগ্রহণ চলমান রয়েছে এবং কেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

