ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়কালে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, প্রশাসনিক সহযোগিতা এবং জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভূমিকা আলোচনায় উঠে আসে।
এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায়ী সেনাপ্রধানও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতার পক্ষে সেনাবাহিনীর অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

