নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা গঠন নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই নীরবে বাংলাদেশে এসেছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। জানা গেছে, আসন্ন পবিত্র মাহে রমজানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও একটি ইফতার কর্মসূচিতে অংশ নেওয়াই তার এই সফরের মূল উদ্দেশ্য।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন ওজিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের একটি নতুন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, তুর্কি সরকারের আওতাধীন সহযোগিতা সংস্থা ‘টীকা’র একটি প্রকল্পের মাধ্যমে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহায়তা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার সমপরিমাণ সহায়তা পেয়েছে মেডিকেল সেন্টার। মূলত এই প্রকল্পের উদ্বোধন উপলক্ষেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন মেসুত ওজিল।
সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসেন এই সাবেক জার্মান তারকা। ঢাবির কর্মসূচি শেষে আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) তিনি রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতার মাহফিলে অংশ নেবেন। এরপর রাতেই বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে তার।
উল্লেখ্য, তুর্কি বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান মেসুত ওজিল ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত জার্মানি জাতীয় দলের হয়ে ৯২টি ম্যাচ খেলেন এবং ২৩টি গোল করেন। তিনি ২০২৩ সালে তুর্কি ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরে খেলার সময় পেশাদার ফুটবল থেকে অবসর নেন। পরবর্তীতে ২০২৫ সালে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বোর্ড সদস্য হিসেবে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।

