রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর সংবিধানের নির্ধারিত বিধান অনুসরণ করেননি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার বিদেশ সফর শেষে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সফরের ফলাফল, আলোচনা ও সম্ভাব্য চুক্তি সম্পর্কে লিখিতভাবে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। অথচ ড. ইউনূস ১৪ থেকে ১৫ বার বিদেশ সফর করলেও একবারের জন্যও তাঁর সঙ্গে দেখা করেননি বা কোনো তথ্য জানাননি।
রাষ্ট্রপতি আরও বলেন, ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রক্রিয়ার সূচনা তাঁর উদ্যোগেই হয়েছিল। কিন্তু সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা তাঁর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখেননি। বরং তাঁকে আড়ালে রাখার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে রাষ্ট্রপতি বলেন, বিষয়টি বোঝানোর কোনো সুযোগই তিনি পাননি, কারণ প্রধান উপদেষ্টা কখনো সাক্ষাৎ করেননি।
রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, ড. ইউনূস তাঁর পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেননি। তিনিও কখনো প্রধান উপদেষ্টার কাছে কোনো সহযোগিতা চাননি। তাঁর মনোভাব ছিল, পরিস্থিতি যেদিকে যায়, সেদিকেই গড়াক।

