পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রির লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সাতক্ষীরার কলারোয়ায় রোজা শুরুর সঙ্গে সঙ্গেই নিত্যপণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাজার ঘুরে দেখা গেছে, আগে ৪–৫ টাকায় পাওয়া লেবুর পিচ এখন বিক্রি হচ্ছে ২০–৩০ টাকায়। একইভাবে ২০–৪০ টাকার শসার কেজি দাম বেড়ে দাঁড়িয়েছে ১২০–১৫০ টাকায়।
সবজির বাজারেও একই চিত্র। কয়েকদিন আগেও ১০–১৫ টাকায় বিক্রি হওয়া বেগুন এখন ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে। সোলারের কেজি দাম ৬০–৭০ টাকা থেকে বেড়ে ৮০–৯০ টাকায় উঠেছে। গাজরের কেজি ৩০–৫০ টাকা, পেঁয়াজ ৫০–৭০ টাকা এবং কাঁচা মরিচের কেজি ১০০–১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ইফতারের গুরুত্বপূর্ণ উপকরণ কলা ও খেজুরের দামও বেড়েছে কয়েক গুণ। বিভিন্ন জাতের পাকা কলা ৭০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, আর খেজুরের দাম ৪০০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত উঠেছে।
ক্রেতাদের অভিযোগ, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমাফিক দাম বাড়াচ্ছেন। তাদের দাবি, নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর ব্যবস্থা নিলে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

