আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য তাঁকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো। একই সঙ্গে তাজুল ইসলামের নিয়োগ–সংক্রান্ত আগের আদেশ বাতিল করা হয়েছে।
জানা গেছে, নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ছিলেন। তিনি বিডিআর বিদ্রোহ ও হত্যা মামলার পাশাপাশি বিস্ফোরক মামলায় আসামিদের পক্ষে অন্যতম আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন এবং খালাস ও জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
এ ছাড়া তিনি দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাঁর আইনজীবী দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন। আমিনুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা এবং মাধবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেনের স্বামী।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলে তাঁর অতীত ভূমিকা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে দেশ–বিদেশে বিতর্ক সৃষ্টি হয়। বিশ্লেষকদের মতে, নতুন এই নিয়োগের মাধ্যমে ট্রাইব্যুনালকে তুলনামূলকভাবে বিতর্কমুক্ত ও অধিক গ্রহণযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

