বিডিআর হত্যাকাণ্ডের বিচার পুনরায় শুরু করতে নতুন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কমিশন গঠন করে ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে এবং কমিটির সুপারিশ অনুযায়ী বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সরকারের নির্বাচনী ইশতেহারেও উল্লেখ ছিল। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চেইন অব কমান্ড বজায় রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। নির্বাচনের আগে লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগ দেওয়া হয়েছিল, যা যথাযথ সার্ভিস রেকর্ড বিবেচনা না করেই করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ওই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ছিল না এবং এ বিষয়ে সরকার কাজ করবে।
মন্ত্রী আরও বলেন, পাঁচ আগস্টের পর দায়ের হওয়া বেশ কিছু মামলায় সুবিধাবাদী গোষ্ঠী সাধারণ মানুষকে হয়রানির শিকার করেছে। এসব মামলার যথাযথ তদন্ত করে পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ এ বিষয়ে প্রতিবেদন দেবে।
তিনি জোর দিয়ে বলেন, পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপ সহ্য করা হবে না। একই সঙ্গে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়। রাজনৈতিক কারণে বিধিবহির্ভূতভাবে কাউকে প্রোটোকল না দেওয়ার বিষয়েও পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

