কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল প্রায় ৬টার দিকে দুর্ঘটনার পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধদের মধ্যে রয়েছেন মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) এবং দুই বছর বয়সী শিশু হুররাম। হাসপাতাল সূত্র জানায়, মনোয়ারা বেগমের শরীরের প্রায় ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।
চিকিৎসকদের মতে, উম্মে হুমায়রা ও জিল হকের অবস্থা তুলনামূলকভাবে গুরুতর। দুর্ঘটনার কারণ হিসেবে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সিলিন্ডার লিকেজের বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ নয়জন দগ্ধ হন। ওই ঘটনায় রানি আক্তার নামে এক নারী পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

