স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের ফাইল অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মামলা দায়ের করা হয়েছিল। বর্তমান সরকার সেগুলো পর্যালোচনা করে পর্যায়ক্রমে প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবেই নতুন করে ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর যেসব মামলা হয়েছে, সেগুলোও পুনরায় যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে হয়রানি ও ভোগান্তির শিকার না হন, সে জন্য পুলিশকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে তিনি বলেন, ৫ আগস্টের পর কিছু সুবিধাবাদী ব্যক্তি ব্যবসায়ী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষের নামে মামলা করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা ও নিরপরাধ মানুষকে সুরক্ষা দিতে এসব মামলাও যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

