আজ বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের এই দিনে নড়াইল জেলার মহিষখোলা গ্রামে, যা বর্তমানে নূর মোহাম্মদনগর নামে পরিচিত, তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ আমানত শেখ এবং মা জেন্নাতুন্নেছা। শৈশবেই বাবা-মাকে হারিয়ে কঠিন বাস্তবতার মধ্য দিয়ে বড় হওয়া নূর মোহাম্মদ সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষ করে সেনাসেবায় আত্মনিয়োগ করেন।
১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগ দেন এবং পরবর্তীতে ল্যান্স নায়েক পদে উন্নীত হন। মহান মুক্তিযুদ্ধে তিনি যশোর অঞ্চলভিত্তিক ৮ নম্বর সেক্টরে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুর এলাকায় পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন। তার আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

