পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মার্কিন দূতাবাসের কাছে সহিংস দাঙ্গায় অন্তত ৯ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে জিও নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা করাচির এম টি খান রোডে অবস্থিত মার্কিন কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে পাথর নিক্ষেপ করে এবং দূতাবাস প্রাঙ্গনে প্রবেশের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান শুরু করলে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানান, সংঘর্ষে আহত অন্তত ১৮ জনকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি আরও অবনতি ঠেকাতে পুলিশ ও রেঞ্জারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।
এ ঘটনায় সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান করাচির অতিরিক্ত আইজি পুলিশের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। পাশাপাশি প্রদেশজুড়ে সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

