ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন প্রধান হিসেবে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ভাহিদিকে নিয়োগ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার (১ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক এক হামলায় আইআরজিসির একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তার নিহত হওয়ার পর জরুরি ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে বাহিনীর সদ্য সাবেক প্রধান মোহাম্মদ পাকপুরও রয়েছেন বলে জানানো হয়েছে।
আহমদ ভাহিদি এর আগে ইরানের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে। নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি আইআরজিসির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে একই সময় ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত একদিনে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় এক হাজার ২০০টির বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়, এসব হামলার লক্ষ্য ছিল সামরিক স্থাপনা, তবে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনায় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরও জানিয়েছে, সাম্প্রতিক হামলায় একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। তবে হোয়াইট হাউস ও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

