বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে ভিজিট ভিসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
সোমবার (২ মার্চ) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বার্তা দেওয়া হয়।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে। এ সিদ্ধান্ত ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য।
পোস্টে আরও বলা হয়, এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয়। প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পররাষ্ট্র দপ্তর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রম চালিয়ে যাবে।

