নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে জনসমক্ষে প্রকাশ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা ১০ মিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে এর নিরপেক্ষ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
আসিফ মাহমুদ জানান, তার দুটি ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে মোট জমা রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫ লাখ ৫৭ হাজার টাকা জমা থাকলেও এর বিপরীতে ৬ লাখ টাকার বেশি সার্ভিস লোন রয়েছে। তার মায়ের একটি অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার টাকা এবং স্ত্রীর একটি অ্যাকাউন্টে জমা আছে ৬১৩ টাকা।
তিনি বলেন, দেশের মানুষের কাছে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই পরিবারের সবার ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক শুধু তার ব্যক্তিগত হিসাবের তথ্য চাইলেও তিনি পরিবারের সদস্যদের হিসাবও প্রকাশ করছেন যাতে কোনো ধরনের সন্দেহ বা বিভ্রান্তির সুযোগ না থাকে।
নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তার নামে ১০ মিলিয়ন ডলারের দুর্নীতির যে খবর প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। তার দাবি, গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের চরিত্র হননের উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
সাবেক এনসিপি সদস্য তানভীরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তার বিরুদ্ধেও একসময় ৪০০ কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ ছড়ানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে সরকারই জানিয়েছে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি।
দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে তার নাম আলোচনায় আসার পর থেকেই পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে বলেও অভিযোগ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, সম্প্রতি ৫৬ জনের ব্যাংক হিসাব তলব করা হলেও গণমাধ্যমে কেবল তার হিসাব নিয়েই খবর প্রকাশ করা হয়েছে।
ক্রিকেটার সাকিব আল হাসানকে খেলতে না দেওয়া এবং এ কারণে আর্থিক ক্ষতির অভিযোগের বিষয়েও তিনি বিস্ময় প্রকাশ করেন। তার প্রশ্ন, কোনো খেলোয়াড়কে খেলতে না দেওয়ার কারণে হাজার কোটি টাকার লোকসানের দায় কীভাবে তার ওপর চাপানো হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, তার ও পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্টের কপি গণমাধ্যমে প্রকাশ করা হবে এবং যেকোনো ধরনের আইনি বা প্রশাসনিক তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত আছেন।

