বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য এবং অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন দাখিল করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।
মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে এবং সকাল ১১টার দিকে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালতের সিদ্ধান্তের পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান।
মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী ধারাবাহিকভাবে মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নির্বাচনে পরাজয়ের পর এসব বক্তব্য আরও বাড়ে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে তা প্রচার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ অনুযায়ী, গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য উদ্ধৃত করে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বাংলাদেশ ক্রিমিনাল র্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার বলে উল্লেখ করা হয়, যা বাদীপক্ষের দাবি অনুযায়ী অত্যন্ত মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ায় মির্জা আব্বাসের সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে মামলার আবেদনে বলা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে পাঁচ হাজারের বেশি ভোটে জয়ী হন মির্জা আব্বাস। তবে ফলাফল ঘোষণার পর ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

