ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর প্রথম দিনেই আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার পায়ের একটি হাড় ভেঙে গেছে এবং চোখ ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনির বাম চোখের চারপাশে আঘাতের দাগ দেখা গেছে। এছাড়া তার মুখেও ছোটখাটো আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে একটি ইসরায়েলি সূত্র দাবি করেছিল, গত সপ্তাহে তাকে লক্ষ্য করে চালানো একটি হত্যাচেষ্টার সময় তিনি আহত হন। কয়েক দিন ধরেই তার আহত হওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছিল।
সাইপ্রাসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা সালারিয়ান জানিয়েছেন, হামলার সময় মোজতবা খামেনির বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং পরিবারের আরও পাঁচ সদস্য নিহত হন। ওই হামলার সময়ই মোজতবা খামেনি আহত হন বলে তিনি জানান।
সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, আঘাতের কারণেই তিনি এখনো প্রকাশ্যে আসেননি।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ জানিয়েছেন, মোজতবা খামেনি আহত হলেও তিনি নিরাপদে আছেন এবং উদ্বেগের কোনো কারণ নেই।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে। একই সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি জানিয়েছেন, অন্তত এই সপ্তাহের মধ্যে সংঘাত থামছে না।

