আজ ১৪ মার্চ বিশ্ব পাই (π) দিবস। গাণিতিক ধ্রুবক পাইয়ের সম্মানে প্রতিবছর এই দিনটি বিশ্বের বিভিন্ন দেশে গণিত ও বিজ্ঞানে আগ্রহী মানুষদের অংশগ্রহণে উদ্যাপিত হয়। পাইয়ের মান আনুমানিক ৩.১৪ হওয়ায় মার্চ মাসের ১৪ তারিখকে ৩/১৪ আকারে প্রকাশ করা যায়। এ কারণেই দিনটিকে পাই দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ ধ্রুবক হলো পাই। একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে বোঝাতে এই ধ্রুবক ব্যবহার করা হয়। পাইয়ের মান ৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯… এভাবে অনন্ত পর্যন্ত চলতে থাকে এবং এর কোনো নির্দিষ্ট শেষ নেই। এই রহস্যময় ও অসীম প্রকৃতির কারণেই পাই নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে গবেষণা করে আসছেন গণিতবিদরা।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, পাইয়ের প্রথম নির্ভুল গণনা করা হয় খ্রিস্টপূর্ব প্রায় ২৫০ সালে। বিখ্যাত গ্রিক গণিতবিদ আর্কিমিডিস পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাইয়ের মান ৩.১৪০৮৪৫ থেকে ৩.১৪২৮৫৭ এর মধ্যে নির্ধারণ করেছিলেন। পরবর্তীতে ১৭০৬ সালে গণিতবিদ উইলিয়াম জোনস বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বোঝাতে গ্রিক অক্ষর পাই (π) ব্যবহার করেন।
ধারণা করা হয়, ব্যাবিলন ও মিসরীয় সভ্যতাতেও বিভিন্ন গাণিতিক হিসাব-নিকাশে পাইয়ের ব্যবহার ছিল। সময়ের সঙ্গে সঙ্গে গণিত ও বিজ্ঞানের নানা গবেষণায় পাইয়ের বহুমাত্রিক প্রয়োগ দেখা যায়। বর্তমানে জ্যোতির্বিজ্ঞান, প্রকৌশল, পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে পাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
১৯৮৮ সাল থেকে বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে পাই দিবস উদ্যাপন শুরু হয়। পরে ২০১৯ সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়।

