শেষ হতে চলেছে পবিত্র রমজান মাস। এরই মধ্যে শুরু হয়েছে ঈদুল ফিতর উদযাপনের ক্ষণগণনা। দিন যত গড়াচ্ছে, সবার প্রতীক্ষা কবে হতে পারে ঈদুল ফিতর।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের দেশগুলোতে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
তবে এই প্রশ্নের চূড়ান্ত জবাব মিলবে ১৯ মার্চ সন্ধ্যায়। সেদিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। ওই বৈঠক থেকেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এ বছর আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে ২০ মার্চ।
তিনি আরও বলেন, ২৯তম রমজানে আরব দেশগুলোর আকাশে অর্ধচন্দ্র দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ২০ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে সৌদি আরবে ২০ মার্চ ঈদ হলে বাংলাদেশে ২১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই ২১ মার্চ সম্ভাব্য ঈদের তারিখ ধরে ছুটির ক্যালেন্ডার নির্ধারণ করেছে। তবে শরীয়তের বিধান অনুযায়ী শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

