ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাগর-রুনী মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে ডিজেসির সদস্যদের পাশাপাশি বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সকল মহলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রতিকূলতা মোকাবিলা করেই সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা প্রমাণ করতে হবে।
ডিজেসির সভাপতি ইকরামুল কবীর টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এস এম আবুল হোসেন বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। অনেকেই ভুয়া মামলার আসামি হয়ে ফেরারি জীবনযাপন করছেন।
মুন্সিগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আরিফ সোহেল সাংবাদিক সমাজের বিভক্তি দূর করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের সোচ্চার হতে হবে।
ডিজেসির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতারে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, ডিইউজের কল্যাণ সম্পাদক শাজাহান স্বপন, সাব-এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক জহর ইকবাল, সিনিয়র সাংবাদিক জহিরুল হক রানা, আতিকুল ইসলাম রাজিব চৌধুরী, সজিব, সুজন খান, অন্তু, সেলিমসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।

