টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ধনবাড়ী পৌরসভার নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার সেনবাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর আলী, বাউশী বাঙালীপাড়ার মৃত তোরাব আলী মুন্সির ছেলে ওমর ফারুক এবং জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে খোকন।
জানা গেছে, জামালপুর থেকে একটি বাস ধনবাড়ীর দিকে আসছিল। বাসটি নল্লা গ্রামীণ ব্যাংক এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক জানান, সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করেছে এবং মরদেহ থানায় এনে আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

