ঝিনাইদহের মহেশপুরে তেলবাহী ট্রাকচাপায় ভ্যানযাত্রী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খালিশপুর কোল্ড স্টোরেজ কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম ফুলঝুরি খাতুন (৪৫)। তিনি উপজেলার নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী। আহত ছেলের নাম লাভলু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছেলে লাভলুর সঙ্গে ভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন ফুলঝুরি খাতুন। ভ্যানটি তার ছেলেই চালাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
গুরুতর আহত লাভলুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

