সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত যাত্রীদের কোনো ভোগান্তি বা অভিযোগ পাওয়া যায়নি।
বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। বরং কিছু পরিবহন ২০ থেকে ৩০ টাকা কমও নিচ্ছে। কোনো যাত্রী বাড়তি ভাড়ার অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ বুথও প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে এবং কোথাও বড় ধরনের যানজট নেই। ফলে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ঢাকার বাইরে যেতে পারছেন।
জ্বালানি তেলের বিষয়ে মন্ত্রী বলেন, ১৫ মার্চ রাত ১১টা থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। যমুনা সেতু দিয়ে আগের দিনের তুলনায় প্রায় ৩২ হাজার বেশি যানবাহন চলাচল করেছে এবং সেগুলো প্রয়োজনীয় জ্বালানি পেয়েছে।
তিনি বলেন, কোথাও জ্বালানি সংকট নেই এবং কেউ সমস্যায় পড়লে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

