এবারের ঈদে চাঁদাবাজি কমেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এবারের ঈদ তুলনামূলক শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বড় ধরনের কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি। একটি লঞ্চ দুর্ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে উদ্বেগ থাকলেও বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করা সম্ভব হয়েছে।
দেশ, রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে রাখতে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।
আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

