রাশিয়া আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি সাময়িকভাবে বন্ধ করার পরিকল্পনা করছে। এ বিষয়ে প্রয়োজনীয় খসড়া সিদ্ধান্ত প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়কে। এই নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে বলে জানা গেছে।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার ফলে তেলের দামে ওঠানামা দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এখন সরকারের প্রধান অগ্রাধিকার।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। তবে দেশের ভেতরের চাহিদা মেটাতে রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন হতে পারে। সরকার জানিয়েছে, তেল পরিশোধনের পরিমাণ স্থিতিশীল থাকায় অভ্যন্তরীণ সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।
এর আগে ইউক্রেনের হামলায় কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া আগেও কয়েকবার জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে।

