টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলেসহ নিহত পাঁচজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে শুক্রবার ভোরের দিকে রেলওয়ে কর্তৃপক্ষ নিহতদের স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেয়।
ঘটনার পর ক্ষতিপূরণ হিসেবে নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। শুক্রবার রাতের দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বাসিন্দা নার্গিস (৩৫), তার ছেলে নিরব (১২), দোলা (৩৫), সুলতান (৩৩) ও রিফা আক্তার (২৩) রয়েছেন। তারা ঈদের ছুটি শেষে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন।
পুলিশ জানায়, যাত্রীবাহী একটি বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী নেমে রেললাইনের পাশে বসেছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি ট্রেন এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়।

