পাবনার চাটমোহর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে রেলওয়ে পুলিশের (জিআরপি) এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। আহত ওই সদস্যের নাম মো. শরীফ উদ্দিন। শনিবার সকালে ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেন স্টেশন ছাড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ উদ্দিন ট্রেনে ডিউটিরত ছিলেন। স্টেশনে ট্রেন থামার পর অতিরিক্ত যাত্রীর চাপে ভেতরে প্রবেশের জায়গা না থাকায় তিনি দরজার হাতল ধরে ঝুলে ছিলেন। ট্রেনটি চলতে শুরু করলে একপর্যায়ে তার হাত ফসকে যায় এবং তিনি লাইনের পাশে পড়ে যান।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পর যাত্রীচাপ বেড়ে যাওয়ায় ট্রেনগুলোতে অতিরিক্ত ভিড় হচ্ছে, যার ফলে এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

