দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী স্লিপার বাস ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন।
রোববার ভোরের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দিনাজপুর থেকে ঢাকাগামী ‘হেরিটেজ’ নামের একটি স্লিপার কোচ বাস চলছিল। পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এদিকে বাসচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

