গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তার দাবি, বিদ্যমান আইনে স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী অনুষ্ঠিত গণভোট যদি বাতিল করা হয়, তাহলে সাধারণ নির্বাচনের ফলাফলও প্রশ্নবিদ্ধ হতে পারে।
তিনি বলেন, গণভোট ও নির্বাচন একই প্রক্রিয়ার অংশ হওয়ায় একটিকে বাতিল করলে অন্যটির ওপরও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এতে দেশের সাংবিধানিক ও রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি গুম কমিশন, দুদক সংস্কার কমিশন এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশসহ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিলের উদ্যোগেরও সমালোচনা করেন। এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।
শিশির মনির আরও বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হয়েছিল। তবে বর্তমানে সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

