ডিজেল তেলের কৃত্রিম সংকটের কারণে রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলার সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতির দ্রুত সমাধান না হলে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যেতে পারে, এতে চরম ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙামাটি জোন ও লঞ্চ মালিক সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম জানান, জেলার ছয়টি উপজেলার সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম এই নৌপথ। কিন্তু হঠাৎ করে ডিজেল সরবরাহে সংকট তৈরি হওয়ায় লঞ্চ চলাচল অনিশ্চয়তার মুখে পড়েছে।
তিনি বলেন, রিজার্ভ বাজার এলাকার একটি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান লঞ্চে ডিজেল সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে অচিরেই সব যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এতে যাত্রীদের চরম দুর্ভোগের পাশাপাশি লঞ্চ মালিকরাও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
এ বিষয়ে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি। দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, রাঙামাটির পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন, জেলায় তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি। তাদের মতে, কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। নিয়মিত সরবরাহ থাকা সত্ত্বেও অতিরিক্ত পরিমাণে তেল উত্তোলনের কারণে বাজারে ঘাটতির অনুভূতি তৈরি হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তেল মজুদের কোনো তথ্য পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

