রাজধানী ঢাকায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আংশিক মেঘলা আকাশ এবং দমকা হাওয়ার প্রভাবে দুপুর পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে অস্থায়ীভাবে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে, যা ঝড়ো পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
এ ধরনের আবহাওয়ার প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে।

