পাবনার ঈশ্বরদীতে কৃষিযন্ত্র চালানোর জন্য ডিজেল সংকটে বিপাকে পড়েছেন কৃষকরা। ফিলিং স্টেশনগুলোতে ক্যানে (ঢোপ) তেল দেওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় তারা প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। এতে চরম দুর্ভোগে পড়েছে উপজেলার শত শত কৃষক।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃষকেরা ক্যানে করে ডিজেল সংগ্রহ করে আসলেও হঠাৎ করে সেই ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় চাষাবাদের কাজে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সমস্যার সমাধান চেয়ে গত রোববার প্রায় ৪০ জন কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যান। তবে তাৎক্ষণিক কোনো সমাধান না পেয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মো. ময়েজ উদ্দিন সরাসরি কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে ফোন করে বিষয়টি অবহিত করেন। পরে মন্ত্রী দ্রুত সমাধানের নির্দেশনা দিলেও মাঠপর্যায়ে তার প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ করেছেন কৃষকরা।
কৃষক ময়েজ উদ্দিন জানান, কৃষি কর্মকর্তার দেওয়া স্লিপ নিয়েও অনেক কৃষক ফিলিং স্টেশন থেকে ডিজেল পাচ্ছেন না। ফলে অনেকেই খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে চলমান কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং উৎপাদন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মমিন জানান, সমস্যার সমাধানে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং পাম্পে তেল সরবরাহের জন্য নতুন প্যাড ছাপানোর কাজ চলছে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ক্যানে তেল সরবরাহকে কেন্দ্র করে মোটরসাইকেল চালকদের সঙ্গে বিরোধের সৃষ্টি হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে কাজ করছে এবং পাম্প মালিকদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুতই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে বর্তমান পরিস্থিতিতে কৃষকদের ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

