ঈদুল ফিতরের তুলনায় আসন্ন ঈদুল আজহার যাত্রা আরও বেশি চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ঈদকে সামনে রেখে সড়ক ব্যবস্থাপনা নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকার পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে থেকে মাদানি অ্যাভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এবার ঈদুল আজহা বিশেষভাবে চ্যালেঞ্জিং হবে। কারণ প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়লেও একই সময়ে প্রায় ১ কোটি কোরবানির পশু রাজধানীতে প্রবেশ করবে। এ পরিস্থিতি মোকাবিলায় অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর বিষয়ে সরকার ভাবছে। তিনি জানান, নতুন করে আরেকটি যমুনা সেতু নির্মাণের সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হচ্ছে।
শেখ রবিউল আলম আরও বলেন, একটি ডেমু ট্রেন পরীক্ষামূলকভাবে আনার পরিকল্পনা রয়েছে। তবে এটি কার্যকর না হলে এ নিয়ে বড় কোনো প্রকল্প গ্রহণ করা হবে না এবং অপ্রয়োজনীয় ব্যয় থেকেও সরকার বিরত থাকবে।
উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে বিকল্প সংযোগ স্থাপনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি দেশকে বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

