মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ইরানের ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বুধবার (১ এপ্রিল) প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)-এর একটি ডেটা সেন্টারে এ হামলার তথ্য উঠে আসে।
একই দিনে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একটি কোম্পানির স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কর্তৃপক্ষ ঘটনাটিকে ইরানের হামলা হিসেবে উল্লেখ করলেও কোন প্রতিষ্ঠানের স্থাপনায় এ ঘটনা ঘটেছে, এতে কোনো হতাহতের ঘটনা রয়েছে কি না কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কত—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
এই ঘটনার একদিন আগে ইরানের বিপ্লবী গার্ড মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়। হুমকিতে মাইক্রোসফট, গুগল ও অ্যাপেলের নাম উল্লেখ করা হয়। ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রতিশোধ হিসেবে এ ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে জানা যায়।
হামলার বিষয়ে জানতে রয়টার্স অ্যামাজনের সঙ্গে যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে গত সপ্তাহে অ্যামাজন জানিয়েছিল, চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বাহরাইনে তাদের ক্লাউড সেবা অঞ্চলে বিঘ্ন ঘটছে। এক মাসের মধ্যে এটি দ্বিতীয়বার যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে তাদের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলো।
অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং ইউনিটটি বহু আন্তর্জাতিক ওয়েবসাইট ও বিভিন্ন সরকারি সেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটি কোম্পানিটির প্রধান মুনাফার অন্যতম উৎস হিসেবেও বিবেচিত হয়।

