রাজধানীর কুড়িল থেকে রামপুরা পর্যন্ত দীর্ঘদিনের অসহনীয় যানজট কমাতে নতুন একটি বাইপাস সড়ক নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এই পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর ১০০ ফিট সড়ক থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়ে সানভ্যালী আবাসিক প্রকল্পের ভেতর দিয়ে আফতাবনগর হয়ে রামপুরা পর্যন্ত ডাবল লেনের একটি সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রস্তাবিত সড়কপথটি সরেজমিনে পরিদর্শন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার।
প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন এবং ব্যয় কমানোর লক্ষ্যে তিনটি সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটি তিন ভাগে ভাগ করা হয়েছে—একটি অংশ বাস্তবায়ন করবে রাজউক, দ্বিতীয় অংশের দায়িত্বে থাকবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং অবশিষ্ট অংশের কাজ সম্পন্ন করবে সানভ্যালী হাউসিং সোসাইটি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন জানিয়েছেন, রাষ্ট্রের অর্থ সাশ্রয় করতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
পরিদর্শন শেষে রাজউক চেয়ারম্যান জানান, বাইপাস সড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে প্রাথমিকভাবে একটি ব্রিজ এবং ডাবল লেন সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। দ্রুত এই সড়ক চালু করা গেলে কুড়িল থেকে রামপুরা ও বনশ্রী এলাকার যানজটের একটি বড় অংশ এই বাইপাসে স্থানান্তরিত হবে।
ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। যানজট নিরসনে আফতাবনগর বাইপাস সড়ক সংস্কারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হবে।
ডিএমপি কমিশনার মো. সরওয়ার উল্লেখ করেন, সড়কটি নির্মিত হলে বাড্ডা এলাকার মূল সড়কের ওপর যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তিনি এ সময় ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন কারিগরি দিক ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন।
সংশ্লিষ্টদের মতে, বিকল্প এই সংযোগ সড়কটি চালু হলে পূর্ব ঢাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং বিশেষ করে অফিসগামী মানুষের দীর্ঘদিনের যানজটজনিত ভোগান্তি অনেকটাই কমে যাবে।

