চৈত্র মাসের মাঝামাঝি সময়ে সারাদেশে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে জনজীবনে অস্বস্তি বাড়ছে। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ইতোমধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। রাজধানী ঢাকাতেও গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরবাসীর ভোগান্তি বেড়েছে।
আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা না থাকায় গরম আরও ভ্যাপসা হয়ে উঠছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে, ফলে স্বস্তি পাওয়ার সম্ভাবনা আপাতত কম।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়ে অস্বস্তি আরও বাড়াতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ, যা ভ্যাপসা গরমের অনুভূতি বাড়াচ্ছে। শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৭ মিনিটে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

