বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থ হয়ে পড়লে রাত ১০টার দিকে তাকে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি স্বামী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
বৃহস্পতিবার বগুড়া জেলা এনসিপির পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোকবার্তা দেওয়া হয়। শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন জেলা আহ্বায়ক এমএসএ মাহমুদ এবং সদস্য সচিব সুলতান মাহমুদ।
জানা গেছে, রাফিয়া সুলতানা রাফি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদ থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছিলেন। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ডাকসু নির্বাচন এবং পরবর্তী ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পাশাপাশি গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হন।
এনসিপির বগুড়া জেলা কার্যালয়ে বাদ এশা মরহুমার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া বৃহস্পতিবার বাদ আসর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে স্বজনরা জানিয়েছেন।

