মাদারীপুরের সদর উপজেলায় সরকারি ফিডিং কার্যক্রমের আওতায় বিতরণ করা টিফিন খেয়ে অন্তত ৩০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে গুরুতর অবস্থায় ৬ জনকে জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে খোয়াজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র, শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, সমতা ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে পাউরুটি ও ডিম বিতরণ করে। খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই শিশুদের মধ্যে পেটব্যথা, বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়। দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আনিকা, জামিলা, রাহিমা, মীম এবং চতুর্থ শ্রেণির রাবেয়া ও তাবাসসুম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
আক্রান্ত বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে পোকরারচর, রাজারচর, হাউজদি ও করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।
মাদারীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ মারুফ হোসেন জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দেখা গেছে, মেয়াদোত্তীর্ণ পাউরুটি ও ডিম খাওয়ার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, এর আগে খাবার সরবরাহকারী ডিলারদের সতর্ক করা হলেও তারা তা গুরুত্ব দেয়নি।

