মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো সম্ভাব্য চুক্তির প্রধান শর্ত হবে দেশটিকে সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখা। তার ভাষায়, একটি কার্যকর চুক্তির ৯৯ শতাংশই নির্ভর করছে ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে, সেই নিশ্চয়তার ওপর।
শুক্রবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলো উন্মুক্ত করতে চায় এবং এ প্রচেষ্টায় অন্যান্য দেশও সহায়তা করতে প্রস্তুত রয়েছে। তবে তিনি স্বীকার করেন, এই প্রক্রিয়া সহজ হবে না, যদিও খুব শিগগিরই অগ্রগতি আশা করছেন।
হরমুজ প্রণালী প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের আরোপিত কোনো ধরনের শুল্ক বা ‘টোল বুথ’ ব্যবস্থা যুক্তরাষ্ট্র মেনে নেবে না। তেহরান ইঙ্গিত দিয়েছে, যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হলেও জাহাজ চলাচলের নিরাপত্তার বিনিময়ে ফি আদায়ের পরিকল্পনা তাদের রয়েছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, এমন উদ্যোগ বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র তা প্রতিহত করবে।
তিনি আরও উল্লেখ করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা গেলে হরমুজ প্রণালীর চলাচল স্বাভাবিক হয়ে যাবে। অন্যথায়, ইরান এই পথ থেকে কোনো অর্থনৈতিক সুবিধা নিতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক দুই সপ্তাহের যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে রয়েছে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এ পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ সৃষ্টি করেছে।
বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, শুক্রবার মাত্র দুটি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে, যা আগের দিনের তুলনায় কম। যুদ্ধবিরতি শুরুর পর থেকে মোট ২২টি জাহাজ এই পথ ব্যবহার করেছে, যেখানে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১৩৫টি জাহাজ চলাচল করত। বর্তমানে শতাধিক ট্যাঙ্কারসহ ৬০০-এর বেশি জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়ে আছে।
এদিকে, স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নেতৃত্ব দেবেন। তবে আলোচনার শর্তাবলি ও প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে এখনো দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।

