কাঠফাটা গরমের মধ্যেই বাংলা নববর্ষের আগমনী বার্তা নিয়ে আসছে ভিন্নধর্মী আবহাওয়া। এবারের পহেলা বৈশাখে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১১ এপ্রিল) সকালে দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সম্ভাব্য বৃষ্টির কারণে সেদিন তাপমাত্রা সামান্য কমে গিয়ে গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।
এদিকে আজকের পূর্বাভাসে সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টির আভাস রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে গরমের দাপট অব্যাহত থাকলেও বৈশাখের দিনে সম্ভাব্য বৃষ্টি উৎসবে ভিন্ন আমেজ যোগ করতে পারে।

