খুলনার খালিশপুর থানার নয়াবাটি এলাকায় দোকানে ঢুকে সোনা মিয়া (৩৮) নামে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় মুদি ব্যবসা করে আসছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, ঘটনার সময় সোনা মিয়া তাঁর দোকানে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত সেখানে এসে তাঁকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলাকারীরা তাঁর ডান হাতের বাহুতে একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় জীবন বাঁচাতে তিনি দোকান থেকে বের হয়ে পাশের একটি গুদামে আশ্রয় নেন। তবে কিছুক্ষণ পর সেখানে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী জানান, সোনা মিয়ার ডান হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

