সারাদেশের মতো সিরাজগঞ্জ জেলাতেও সংক্রামক ব্যাধি হাম-এর প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪ জন শিশুর শরীরে হাম শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চলতি বছরের ২৯ মার্চ থেকে জেলায় হাম রোগী গণনা শুরু হয়েছে এবং সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
জেলার বিভিন্ন হাসপাতালে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে অধিকাংশ রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে ৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে মনসুর আলী মেডিকেলে ১৫ জন, সদর জেনারেল হাসপাতালে ২ জন, উল্লাপাড়ায় ২ জন, রায়গঞ্জে ২ জন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, কাজিপুরে ১ জন, তাড়াশে ১ জন এবং শাহজাদপুরে ১ জন ভর্তি রয়েছে। এছাড়া খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন রয়েছে।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের ইন্টার্ন চিকিৎসক ডা. মশিউর রহমান রিয়াদ জানান, হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে প্রায় ৫০-৬০ শতাংশই টিকা নেওয়ার আগেই আক্রান্ত হয়েছে। অনেকের বয়স এখনো টিকা নেওয়ার উপযুক্ত হয়নি, আবার কেউ টিকা নিয়েও সংক্রমণ থেকে রেহাই পায়নি। তিনি আরও জানান, হাম আক্রান্তদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিলতা দেখা দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।
সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্তদের জন্য বিশেষ ইউনিট চালু করা হয়েছে এবং রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।

