হামসহ বিভিন্ন রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত দাবি করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন।
আবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে এবং এতে প্রায় শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে, যা একজন সচেতন নাগরিক হিসেবে গভীরভাবে উদ্বেগজনক। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের জন্য প্রয়োজনীয় টিকাসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসামগ্রীর ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করেছে।
আরও বলা হয়, হামে আক্রান্ত হয়ে ধারাবাহিক শিশুমৃত্যুর ঘটনায় সাবেক নীতিনির্ধারকদের দায় রয়েছে বলে সাধারণ নাগরিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে মতামত ব্যক্ত করেছেন।
এদিকে বর্তমান সরকার দাবি করছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকা ও সিরিঞ্জের যে সংকট দেখা দিয়েছে, তা পূর্ববর্তী সরকারের সময়ের সৃষ্ট সমস্যা।

